বোকোহারামের মূলঘাঁটি ধ্বংস করেছে নাইজেরীয় সেনাবাহিনী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৯:২২
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি শনিবার নাইজেরীয় সেনারা বোকোহারামের মূল ঘাঁটি দখল নিয়েছে বলে দাবি করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, সামবিসা জঙ্গলে দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়েছিল বোকোহারাম জঙ্গি সংগঠনটি। 
 
গত শুক্রবার দুপুরে সেই ঘাঁটির দখল নেয়া সেনা। তবে কোনো জঙ্গিকে ধরতে পারেনি। সেনা অভিযানের আগেই সেখান থেকে তারা পালিয়ে যায়। তবে খুব বেশি দূরে বোকোহারাম জঙ্গিরা পালাতে পারবে না বলে দাবি করেছেন মুহাম্মাদু বুহারি। তিনি জানান, ‘জঙ্গল গভীর হওয়ায় প্রাথমিকভাবে জঙ্গিদের খুঁজে পাওয়া যায়নি। তবে খুব সহজেই তাদের প্রত্যেককে পাকড়াও করা হবে।
 
সেনারা গোটা জঙ্গলের চারপাশ ঘিরে রেখেছে বলেও শনিবার দাবি করেন বুহারি। নাইজেরিয়াসহ আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব সীমান্ত বরাবর একাধিক এলাকায় দীর্ঘ প্রায় সাতবছর ধরে নিজেদের মুক্তাঞ্চল বানিয়ে রেখেছিল বোকোহারাম জঙ্গিরা। পনেরো হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে তারা। কয়েক লাখ মানুষকে তুলে নিয়ে যায় এই জঙ্গি গোষ্ঠীটি। 
 
বল প্রয়োগে শরিয়া আইন বলবত করার লক্ষেই এই জঙ্গি গোষ্ঠীর উত্থান। তবে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নাইজেরিয়ার প্রেসিডেন্টের দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে। কারণ বেশ কয়েক মাস আগে এ ধরনেরই একটি দাবি করেন মুহাম্মাদু বুহারি। তার দাবির ঠিক কয়েকদিন পরেই নাইজেরিয়ায় মেয়েদের এক স্কুলে হামলা চালায় বোকোহারাম।
 
তবে ঘটনা যাই ঘটুক না কেন বুহারি জানিয়েছেন, ‘২৩ তারিখ এক সেনা কর্মকর্তা আমাকে জানিয়েছেন, দুপুর দেড়টার কিছু সময় পর নাইজেরীয় সেনাবাহিনী বোকোহারামের ঘাঁটিতে হামলা চালিয়ে জঙ্গিদের মূল ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। তবে জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের খোঁজ শুরু করেছে সেনাবাহিনী। জঙ্গিরা খুব বেশিদূর পালিয়ে যেতে পারবে না বলেও দাবি করেছেন বুহারি। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ