ইন্টার মিলানেই 'সুখি' গ্যাব্রিয়েল বারবোসা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১১:৪০
না, ইন্টার মিলানে মোটেই অসুখি বা অসন্তুষ্ট নন ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা। আর সেজন্য ইতালিয়ান ক্লাবটি ছাড়ার পরিকল্পনাও নেই তার।
 
যা রটছে তা কেবলই রটনা, এর পেছনে কোনো ঘটনা নেই বলে জানিয়েছেন বছর বিশের এই তারকা ফুটবলার।
 
এ মাসের শুরুর দিকে বারবোসার এজেন্ট ওয়াগনার রিবাইরো জানান, ইন্টার মিলানে সুযোগ-সুবিধার অভাব। আর এ নিয়ে বারবোসা 'অবমাননা বোধ' করেন। ক্লাবটিতে সেপ্টেম্বরে যোগ দেয়ার পর থেকেই 'অসুখী' তিনি।
 
সংবাদ সংস্থা শিনহুয়ায় প্রকাশিত ওই খবরে দাবি করা হয়, জানুয়ারিতে দল বদলের মৌসুমে ইন্টার মিলান ছেড়ে নিজের পুরনো ক্লাব স্যান্তোস বা বেলে হরিজন্তে ভিত্তিক অ্যাটলেটিকো মিনেইরোতে ফিরতে আগ্রহী বারবোসা।
 
শিনহুয়া'র এই খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বারবোসা। শনিবার তিনি স্পষ্ট করে জানান, ইন্টার মিলানেই থাকতে চান তিনি। এখানেই তিনি ভালো আছেন।
 
ব্রাজিলের গণমাধ্যমকে তিনি বলেন, 'ইন্টারে থাকার চিন্তা করছি আমি। আশা করছি, এখানে থাকার ব্যাপারে আশাহতও হবো না। আমি জানি, ধৈর্য ধরার দরকার আছে।'
 
'ইন্টার মিলানেই সুখি আমি। এখানে এসেছি মাত্র তিন মাস আগে। আমার আশা, এই ক্লাবটির হয়ে বেশি বেশি খেলা।'
 
'আমার পরিপার্শ্ব নিয়ে আমি সন্তুষ্ট। আমি সব সময়ই খেলতে চাই। কিন্তু আমাকে মানতেই হবে যে, খাপ খাওয়ানোর জন্য সময়ের দরকার আছে। গত ম্যাচে আমি ভালো করেছি। আরও ভালো করার চেষ্টা করতেই হবে আমাকে।'
 
 
ইত্তেফাক/এএম