রাণীনগরের আবাদপুকুর-চাঁপাপুর সড়কের বেহাল অবস্থা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৩:৩০
নওগাঁর রাণীনগর উপজেলার বাণিজ্যিক রাজধানী আবাদপুকুর থেকে চাঁপাপুর হয়ে বগুড়া চলাচলের একমাত্র সড়কটি খানা-খন্দকে ভরপুর। দেখে মনে হয় এ যেন রাস্তা নয় ছোট ছোট পুকুর। এতে প্রতিনিয়তই ঘটে চলেছে ছোট-বড় দুর্ঘটনা।
 
সরেজমিনে দেখা গেছে, রাণীনগর উপজেলার পূর্বাঞ্চলের প্রায় ৫০টি গ্রামের মানুষ আবাদপুকুর থেকে চাঁপাপুর হয়ে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার একমাত্র ভরসা এই সড়কটি। এই সড়কে দিনে কয়েক হাজার মানুষ চলাচল করে। সড়কটির অনেক স্থানে পাকা, ইট ও বালু উঠে গিয়ে প্রায় এক থেকে দুই ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এই সব গর্তে পানি জমে তৈরি হয় ছোট ছোট পুকুরে। অচিরেই যদি এই রাস্তা সংস্কার করা না হয় তাহলে রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়বে।
 
উপজেলা প্রকৌশলী মো. সাইদুর রহমান মিঞা জানান, এই সড়কের সংস্কারের জন্য উপড় মহল বরাবর লিখিত আবেদন দিয়েছি। বরাদ্দ পেলেই সংস্কারের কাজ শুরু করা হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ