বিধ্বস্ত রুশ বিমান : ব্যাপক তল্লাশি অব্যাহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৮
 
সিরিয়াগামী রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্তের পর শুরু হওয়া ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বিমানটি ৯২ আরোহী নিয়ে রবিবার কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। এর কোন আরোহী আর বেঁচে নেই। এদের মধ্যে সঙ্গীত দল আলেক্সান্দ্রোভ এনসেম্বলের সদস্যরা রয়েছে।
 
সঙ্গীত দলটি আন্তর্জাতিকভাবে রেড আর্মি চোয়ির নামে পরিচিত। তারা সৈন্যদের সাথে নববর্ষ উদযাপনের লক্ষে সিরিয়া যাচ্ছিলো।
 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকভ জানান, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় আদলের নগরী থেকে উড়ার পরপরই তু-১৫৪ বিমানটি বিধ্বস্ত হয়।
 
স্থানীয় সময় ভোর ৫টা ২৫মিনিটে বিমানটি উড়ার মাত্র দুই মিনিট পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
 
মন্ত্রণালয় বিভিন্ন সংস্থাকে জানায়, বিধ্বস্ত স্থলে কারো জীবিত থাকার কোন ইঙ্গিত পাওয়া যায়নি। সোচি নগরীর সমুদ্র উপকূল থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ সেখানে চলমান অভিযানে সাহায্য করতে অতিরিক্ত ১শ’ ডুবুরি পাঠানোর অঙ্গীকার করেছে। বাসস।
 
ইত্তেফাক/আরএ