সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান

প্রশান্ত মহাসাগরে চীনের প্রথম বিমানবাহী রণতরী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৬
তাইওয়ানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই চীন প্রথমবারের মতো পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে। দেশটির নৌবাহিনী এই যাত্রাকে নিয়মিত মহড়ার অংশ হিসেবে বর্ণনা করেছে। চীনা যুদ্ধজাহাজের ওই বহরটি তাইওয়ান ও জাপানের জলসীমার কাছ দিয়ে দক্ষিণ চীন সাগর হয়ে প্রশান্ত মহাসাগরে যাবে।
 
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম দেশটির বিমানবাহী রণতরী লিয়াওনিংকে ‘দূরবর্তী সাগরের পানিতে’ পাঠানো হলো। তবে ওই মহড়ার স্থান, গমনপথ এবং সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্বায়ত্তশাসিত তাইওয়ানের সঙ্গে চীনের  উত্তেজনার মধ্যে এই মহড়ার খবর আসলো।  উল্লেখ্য, চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে দেখে থাকে।
 
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা লিয়াওনিংর গতিবিধি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানের মিয়াকো এবং ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মধ্যবর্তী মিয়াকো প্রণালী দিয়ে রণতরীটি সাগর অতিক্রম করেছে। এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব চীন সাগরের মধ্যাঞ্চলে আটটি চীনা যুদ্ধজাহাজের সঙ্গে বিমানবাহী যুদ্ধজাহাজ লিয়াওনিংকেও দেখা গেছে। ওই আট যুদ্ধজাহাজের মধ্যে একাধিক ডেস্ট্রয়ার ও ফ্রিগেট রয়েছে। জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত বহরটি জাপানের জলসীমায় প্রবেশ করেনি। বিবিসি ও রয়টার্স।
 
ইত্তেফাক/এসএসএ