রাশিয়ার কৃষ্ণসাগরে ৯২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত বিমানের আরোহীদের অনুসন্ধানে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। বিমানের আরোহীদের সন্ধানে জাহাজ বহর, বিমান ও হেলিকপ্টার নিয়ে তিন হাজারের বেশি কর্মী এই উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে
রাশিয়ার সোচি থেকে উড্ডয়ন করা বিমানটি সিরিয়ার লাতাকিয়ায় যাচ্ছিল। বিমানটি মস্কো থেকে উড্ডয়নের পড়ে সোচির অ্যাডলার বিমানবন্দরে জ্বালানি পূর্ণ করতে অবতরণ করেছিল। সেখান থেকে উড্ডয়নের দুই মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। টি ইউ-১৫৪ বিমানে সেনা, সাংবাদিক ও রাশিয়ার সামরিক বাহিনীর জনপ্রিয় গানের দল আলেক্সান্দ্রোভের ৬৪ জন সদস্য ছিলেন। সিরিয়াতে তারা রাশিয়ার সেনাবাহিনীর জন্য পারফর্ম করার কথা ছিল।
প্লেনটি ক্রাসনোদারের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও পরে বলা হয় এটি বিধ্বস্ত হয়েছে কৃষ্ণসাগরে। তবে নিখোঁজ হবার আগে প্লেনটি থেকে পাইলট কোনো প্রকার জরুরি বার্তা পাঠাননি। এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো বিষয়টির তদারকি করছেন। এরই মধ্যে তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার রাশিয়ায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
