ছয় দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ির মধ্যপাড়া কঠিন শিলাখনি বাঁচাও-এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির উদ্যোগে সোমবার সকালে খনির প্রধান ফটকের সামনে মানববন্ধন করা হয়েছে।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে- দ্রুত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফট চালু করে বেকার হয়ে পড়া শ্রমিকদের কাজে যোগদান করানো, দেড় বছরের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ উৎসবভাতা পরিশোধ করা, যাদের কারণে প্রকল্পটি গতিশীল হচ্ছে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, খনি উত্তোলন কাজে দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা, খনির কারণে ভূমিসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলেমেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগদান, অধিগ্রহণকৃত জমির বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করা, ঘরবাড়িতে ফাটল ধরায় সেগুলো নির্মাণসহ ক্ষতিপূরণ প্রদান এবং খনির দুষিত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা করা।
মানববন্ধনেবক্তব্য রাখেন মধ্যপাড়া খনি বাঁচাও-এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির সভাপতি আফজাল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
