নেত্রকোনা জেলা শহরের অডিটরিয়ামটি পরিত্যক্ত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ০১:১০

নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ায় পৌরসভার অডিটরিয়ামটি জরাজীর্ণ থাকায় বর্তমানে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। গত পাঁচ বছর যাবত্ এ অডিটরিয়ামের এ হাল। ফলে সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সভা-সমাবেশ করতে নানা সমস্যা হচ্ছে। তবে একটি আধুনিক অডিটরিয়াম নির্মাণের জন্য টাকা বরাদ্দ রয়েছে; কিন্তু জায়গা না থাকায়  নির্মাণ করা যাচ্ছে না বলে জানা গেছে।

 
১৯৭৯ সালে মহুয়া অডিটরিয়ামটি নির্মাণ করা হয়েছিল। এক সময় এই অডিটরিয়াম ছিল শিল্পকলা একাডেমির। পরবর্তী সময়ে এটি পৌরসভার অধীনে চলে যায়। পৌরসভা থেকেই এটি নিয়ন্ত্রণ করা হয়; কিন্তু ধীরে ধীরে অডিটরিয়াম রক্ষণাবেক্ষণের অভাবে ভাঙচুরের পর্যায়ে চলে যায়। পরে জীর্ণ হতে হতে এখন এটি পরিত্যক্ত। ফলে সকল সাংস্কৃতিক কার্যক্রম থেকে অন্যান্য অনুষ্ঠান করাও বন্ধ হয়ে যায়।
 
নেত্রকোনা জেলা শহরের উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পকলা একাডেমি ও নেত্রকোনার সামাজিক সংগঠনগুলো একটি আধুনিক অডিটরিয়াম নির্মাণের জন্য গত কয়েক বছর যাবত্ দাবি করে আসছে। মানববন্ধন পর্যন্ত করা হয়েছে; কিন্তু অডিটরিয়াম নির্মাণের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
 
পরবর্তী সময়ে নেত্রকোনা পৌরসভা অডিটরিয়াম নির্মাণের জন্য উদ্যোগ নিলে বর্তমান পরিত্যক্ত অডিটরিয়াম নিয়ে শিল্পকলার সঙ্গে মামলা হয়। শিল্পকলা একাডেমি এটিকে নিজেদের দাবি করে মামলা করে। সেই মামলা ঝুলে থাকায় পৌরসভার পক্ষে নতুন অডিটরিয়াম নির্মাণ এ মুহূর্তে  সম্ভব হচ্ছে না।
 
পৌর মেয়র নজরুল ইসলাম খান জানান, এখানে পৌরসভার পক্ষ থেকেই অডিটরিয়াম নির্মাণ করা হবে।
 
এদিকে নেত্রকোনা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মতিয়র রহমান খান জানান, জেলা পরিষদ অফিস এলাকায় যে জায়গা রয়েছে, তার মধ্যেই বিশাল আকারের অডিটরিয়াম নির্মাণ করা হবে। এজন্য টাকাও বরাদ্দ হয়েছে।
 
অপরদিকে প্রধানমন্ত্রীর পিএস-১ ও নেত্রকোনার সন্তান সাজ্জাদুল হাসান বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অডিটরিয়াম নির্মাণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হলেও জায়গা দিতে না পারায় অডিটরিয়াম নির্মাণ সম্ভব হচ্ছে না।

ইত্তেফাক/এএন