জার্মানিতে সফলভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয়করণ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ০১:১৭

জার্মানির অসবার্গে সম্প্রতি সন্ধান পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার শক্তিশালী বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এর ফলে ওই এলাকার লাখখানেক মানুষের নিরাপদে বাড়ি ফেরার পথ সুগম হলো। উল্লেখ্য, বোমা নিষ্ক্রিয়করণের সময় দুর্ঘটনা এড়াতে তাদেরকে এলাকাটি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে এক বিমান হামলায় এক দশমিক আট টন ওজনের ওই বোমাটি ফেলা হয়েছিল। সম্প্রতি এক নির্মাণকাজের সময় বোমাটি খুঁজে পাওয়া যায়। বোমাটির সন্ধান পাওয়ার খবরে এলাকায় আতঙ্ক নেমে আসে। বোমাটি যদি বিস্ফোরিত হতো, তাহলে এক মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা সব ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল।
 
বোমাটি নিষ্ক্রিয় করতে বড়দিনকে বেছে নেওয়া হয়।  কারণ, এদিন রাস্তায় যান চলাচল কম থাকে এবং লোকজন বাড়ির বাইরে বেড়াতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এসব বিষয় মাথায় রেখে রবিবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর অসবার্গ থেকে ৫০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। এতে থমকে যায় অসবার্গের বাসিন্দাদের বড়দিন উদযাপন। অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে স্থানীয় সময় সন্ধ্যা সাতটার কিছু আগে বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। পুলিশ বাহিনীর পক্ষ থেকে একটি টুইটে বলা হয়, ‘বড়দিনে ভালো খবর’।
(বিবিসি)

ইত্তেফাক/এএন