ভুয়া খবরের ভিত্তিতে ইসরাইলে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। আওয়াদনিউজ.কম-এ একটি ভুয়া খবর প্রকাশিত হয়।
খবরটি ছিল এরকম- ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পাকিস্তান যদি কোনও কারণে সিরিয়ায় সেনা পাঠায়, আমরা ওই দেশে পরমাণু বোমা ফেলে ধ্বংস করে দেব। ওয়েবসাইটের ২০ ডিসেম্বর সংখ্যায় আরও একটি খবর ছিল এরকম- ট্রাম্পের বিরুদ্ধে হিলারি ক্লিনটন একটি সামরিক অভ্যুত্থানের নাটক মঞ্চস্থ করছেন। বাস্তবে চমক দিতে ওই সংবাদ মাধ্যমটি নানা ধরনের ভুয়া খবর প্রকাশ করে। এমনকি খবরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী নামও ভুল লেখা হয়। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নাম ছিল মোশে ইয়ালনের। অথচ সে দেশের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম আভিদগর লিবারম্যান।
খবরের সত্যাসত্য যাচাই না করেই মন্তব্য করেন খাজা আসিফ। তিনি বলেন, ইসরাইলেরও জানা উচিত পাকিস্তানও একটি পরমাণু শক্তিধর দেশ। এরপর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে এই খবরকে ভুয়া বলে টুইট করা হয়। এরপর পাকিস্তানের পক্ষ থেকে আর কোনো মন্তব্য করা হয়নি।
