২০১৭ দরজায় এরইমধ্যে কড়া নারছে। চলতি বছরটা বিদায়ের পথে। পেছনে ফিরলে দেখা যায় অনেক আলোচনা হিসাব নিকাশ। সেই হিসাবের খাতায় আমাদের ধারাবাহিক ‘বছর শেষে’ আয়োজনে আজ ঢালিউডের এই বছরে চিত্রনায়িকাদের হালচাল জেনে নেওয়া যাক—
পরিমনি
সুপারহিট চলচ্চিত্র বলতে যা বোঝায় সেই তালিকায় এখন পর্যন্ত ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমনির কোনো ছবি জমা পড়েনি। তবে ছবির মহরত, মুক্তির অপেক্ষা বা চুক্তিবদ্ধের খবরের হিসাব নিয়ে বসলে পরিমনি শীষে। তবে এই বছর তার ‘রক্ত’ চলচ্চিত্রটি কিছুটা হলে সাড়া ফেলেছে। এছাড়াও বিভিন্ন সময়ে চলচ্চিত্র নিয়ে আলোচনায় এসেছেন তিনি। আর বর্তমানে ইন্ডাস্ট্রিতে যে কজন নায়িকা রয়েছেন তাদের মধ্যে সম্ভাবনার জায়গাটাও রয়েছে পরিমনির। কিন্তু অভিনয়ের প্রতি দখলদারিটা আরো বাড়লে সেই সম্ভাবনার জায়গাটাও বাড়তে পারে। বছর শেষে পরিমনির ঝুলিটা খুব একটা ফাঁকা তাই বলা যায় না।
বিদ্যা সিনহা মীম
ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে কোনো নায়িকাই খুব একটা জায়গা করে নিতে পারেননি। কিছুদিন চলচ্চিত্রে এলেও এক-দুটি ছবির পর আর কোনো খোঁজ থাকে না। বিভিন্ন সাক্ষাত্কারে তারা ভালো গল্প না পাওয়ার কথা বললেও সেটি যে নিতান্তই জনপ্রিয়তা না থাকার বিষয়টি এড়িয়ে যান সেটাই প্রতিষ্ঠিত ঘটনা। কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই দূরে বিদ্যা সিনহা মীম। এই বছরটা তার জন্য খুব একটি সময় বলা যায়। এই বছরেও মুক্তি পেলো তার নতুন চলচ্চিত্র ‘আমি তোমার হতে চাই’। এছাড়া বছরজুরে আরো ছবি মুক্তি পেয়েছিল তার। নাটক থেকে পুরো সরে এসে তিনি এখন পুরোদমে ব্যস্ত চলচ্চিত্র নিয়ে। আর প্রযোজকদের ভরসার জায়গাতেও জায়গা করে নিয়েছেন তিনি। তবে মীমকে এখন পর্যন্ত বিগ বাজেটের কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। যেকটি চলচ্চিত্র তিনি করেছেন সবগুলোই একটি গড় হিসেবে ভালোই বলা যায়।
নূসরাত ফারিয়া
যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বাদশা’ ছিল এ বছরের ফারিয়ার একমাত্র চলচ্চিত্র। এছাড়া মাঝে মাঝে চলচ্চিত্রে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সংবাদের শিরোনাম তিনি হলেও নূসরাত ফারিয়া যেনো ঘটনার আড়ালেই থেকে যাচ্ছেন। ক্যারিয়ারের টার্নিং পেতে হলে তাকে হয়তো নতুন বছরের জন্য অপেক্ষা করতে হবে।
বুবলি
সংবাদ পাঠিক থেকে চিত্রনায়িকা। মাঝে কোনো গল্প নেই বুবলির। আর তাও শাকিব খানের বিপরীতে তার অভিনয়। চর্চা না করেই বড়পর্দাতে অভিনয় করতে এলে পর্দায় আনারি অভিনয়ের ছাপটা থেকেই যায়। তবে নতুন এসেই তিনি যেই চমক দেখিয়েছেন তার প্রশংসনীয়। শাকিবের বিপরীতে ‘বসগিরি’ ও ‘শুটার’ চলচ্চিত্র দিয়েই আলোচনার কেন্দ্রেবিন্দুতে এসেছেন তিনি।
নাবিলা
হুট করেই এলেন এবং নিজেকে নাবিলা থেকে হূদি নামে পরিচিতি করালেন। বলছি ‘আয়নাবাজি’র নাবিলার কথা। যেখানে হূদি চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও ছবিটি পুরোটা চঞ্চলকে ঘিরে আলোচনায়। কিন্তু চলচ্চিত্র ক্যামেরার সামনে নতুন হিসেবে নাবিলার সাবলীল অভিনয় প্রশসংসা কুড়িয়েছে অনেকটা।
ইত্তেফাক/এমএআর
