পাকিস্তানের মধ্যাঞ্চলে বিষাক্ত মদপান করে ২১ জন মারা গেছে। এতে আরো অনেকে অসুস্থ হয়ে পড়ে। এদের অধিকাংশই খ্রিস্টধর্মের অনুসারী। মঙ্গলবার পুলিশ একথা জানায়।
রাজধানী ইসলামাবাদের ৩৩৮ কিলোমিটার দক্ষিণের তোবা তেক সিং নগরীর খ্রিস্টান কলোনিতে বড়দিনে এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ নাদিম জানান, মোবারকবাদ বস্তির বাসিন্দারা বড়দিন উপলক্ষে চোলাই মদ তৈরি করে তা পান করে। এতে ২১ জনের মৃত্যু হয় এবং আরো ৫০ জন অসুস্থ হয়ে পড়ে।
তিনি জানান, সোমবার রাতে অধিকাংশ মারা গেছে। বিষাক্ত মদপান করে যারা মারা গেছে তাদের মধ্যে ১৯ জন খ্রিস্টান ও দুইজন মুসলিম রয়েছে।
উল্লেখ্য, অক্টোবর মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক পার্টিতে বিষাক্ত মদপানের কারণে ১১ জনের মৃত্যু হয়। এদের সকলে খ্রিস্টান ছিল। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
