পাকিস্তানে বিষাক্ত মদপানে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জন হয়েছে। বড়দিনে পাঞ্জাবের তোবা তেক সিং শহরে মদ খেয়ে নিহতদের মধ্যে বেশিরভাগ খ্রিস্টান
আরো বহুসংখ্যক মানুষ বিষাক্ত মদ খেয়ে অসুস্থ রয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রাজধানী ইসলামাবাদের ৩৩৮ কিলোমিটার দক্ষিণের তোবা তেক সিং নগরীর খ্রিস্টান কলোনিতে বড়দিনে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ নাদিম জানান, মোবারকবাদ বস্তির বাসিন্দারা বড়দিন উপলক্ষে চোলাই মদ তৈরি করে তা পান করে। এতে ৩২ জনের মৃত্যু হয়েছে, জানা গেছে আরো ২৫ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি জানান, সোমবার রাতে অধিকাংশ মারা গেছে। বিষাক্ত মদপান করে যারা মারা গেছে তাদের মধ্যে বেশিরভাগ খ্রিস্টান। উল্লেখ্য, অক্টোবর মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক পার্টিতে বিষাক্ত মদপানের কারণে ১১ জনের মৃত্যু হয়। এদের সকলে খ্রিস্টান ছিল। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
