ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি চৌধুরী নাফিজ উদ্দিন অনিককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসামির পক্ষে ব্যারিস্টার আমিনুল হক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল শুনানি করেন।
মনিরুজ্জামান বলেন, এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি অনিক। অন্যান্য আসামিদের জবানবন্দিতেও তার নাম এসেছে। ফলে তিনি জামিন পেতে পারেন না। আদালত তার জামিন মঞ্জুর করেছে। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হবে।
২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করা হয়।
ইত্তেফাক/এএম।
