যান্ত্রিক ত্রুটির কারণে বার বার বন্ধ হচ্ছে মোবারকগঞ্জ চিনিকল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ০১:২০

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে যান্ত্রিক ত্রুটির কারণে বার বার মিলটি বন্ধ হচ্ছে। এতে উত্পাদন ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে আখ চাষিরা। এবারও এ মিলটিতে উত্পাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে।

 
জেলার বৃহত্ শিল্প মোবারকগঞ্জ চিনিকল ১৯৬৫ সালে স্থাপিত হয়। স্থাপনের পর দুই এক বছর ছাড়া প্রতি বছর লোকসান দিয়ে আসছে। ১৭ ডিসেম্বর চলতি মাড়াই মৌসুমের উত্পাদন শুরু হয়। ৯০ হাজার টন আখ মাড়াই করে সাত হাজার টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। ওই দিন রাতে বয়লারে ত্রুটির কারণে মিল বন্ধ হয়ে যায়। একদিন বন্ধ ছিল। এরপর আরো তিনবার যান্ত্রিক ত্রুটির কারণে মিল বন্ধ হয়ে যায়।  সোমবার রাত ২টায় মিল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ মিল বন্ধ থাকে। শ’ শ’ চাষি পাওয়ার টিলার ও নসিমন বোঝাই করে আখ এনে মিল গেটে ভোগান্তিতে পড়েন। এদিকে কাটা আখ মাঠে শুকাচ্ছে। তাদের অভিযোগ তারা বিক্রিত আখের মূল্য পাচ্ছে না। এতে তাদের অর্থিক সংকটে পড়তে হচ্ছে।
 
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলওয়ার হোসেন বলেন, মিলটি পুরানো হয়ে গেছে। এ কারণে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। তবে এটি স্বাভাবিক ঘটনা বলে জানান তিনি।
 
এবার সাত হাজার টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা থাকলেও আখের অভাবে উত্পাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। পাঁচ হাজার টন চিনি উত্পাদন হবে বলে কর্তৃপক্ষ আশা করছেন।

ইত্তেফাক/এএন