‘ভুবনমাঝি’র যাত্রীরা আসছেন...

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ০৯:৪১
‘ভুবনমাঝি’ ছবিটি নিয়ে ভিন্নধারার একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছেন ছবিটির কলাকুশলীরা। ‘আমার পতাকা আমার বাংলাদেশ’ নামের এই ক্যাম্পেইনে মূলত ছবির গল্পের বাইরে দেশপ্রেমকে উজ্জীবিত করতেই এক অনবদ্য প্রচারণা।
 
ছবিটি প্রসঙ্গে পরমব্রত বলেন, ‘পরিচালক ফাখরুল আরেফীনের সঙ্গে ছবির গল্পটি নিয়ে আলোচনাতেই মূলত মুগ্ধ হই আমি।’ ছবিটিতে পরমব্রতর সঙ্গে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। সরকারি অনুদানে তৈরি হয়েছে ছবিটি।
 
ফাখরুল আরেফীন বলেন, ‘ছবির গল্পের শুরু ১৯৭০ সালে। শেষ হবে ২০১৩ সালে। মাঝে বড় একটি অংশজুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ। পুরোটাই সত্য ঘটনা অবলম্বনে। আমরা চরিত্রগুলোর নামও পরিবর্তন করিনি।’ পরমব্রত ও অপর্ণাকে নিজের ছবিতে কাস্ট করার ব্যাপারে তিনি বলেন, ‘আমি অনেকদিন ধরেই পরমব্রতকে খেয়াল করেছি। তার কাজগুলো দেখেছি। ভুবনমাঝি ছবির গল্প একজন বাউলকে ঘিরে। এই চরিত্রটির সঙ্গে পরমব্রতর অনেক মিল দেখতে পেয়েছি। আর অপর্ণার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে। যে কারণে তাদের নিয়ে কাজ করেছি। এর ফলাফলটা দর্শক পর্দাতেই দেখতে পাবেন।’
 
এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান। ছবিটি প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ‘আমার কাছে এই ছবিটি করার দুটি কারণ। একটি হলো স্ক্রিপ্টের প্রতি নিজের ভালোলাগা, দ্বিতীয়টি দেশের প্রতি নিজের দায়িত্ববোধের জায়গা। ছবিটি নিয়ে বছরব্যাপী ক্যাম্পেইনের পরিকল্পনা রয়েছে। কারণ আমরা কলাকুশলীরা সবাই চাই ছবিটি সবাই দেখুক। এ কারণে সিনেমা হলের বাইরে কিছু বিকল্প প্রজেকশনেরও ব্যবস্থা করা হচ্ছে।’
 
অপর্ণা বলেন, ‘টানা দেড় মাস আমি ঢাকার বাইরে ছবিটির শুটিং করেছি। নিজের সব নাটক-টিভিসির কাজ ছেড়ে সিনেমায় সময় দেওয়ার একটাই উদ্দেশ্য, ছবিটির প্রতি এক ধরনের নিবিড় প্রেম। প্রত্যেক অভিনেত্রীই কিন্তু এটাই চায়, একটা ভালো কাজের অংশীদার হতে। ভুবনমাঝি তেমনই একটি কাজ।’
 
ইত্তেফাক/এমএআর