১০ দিন স্থগিত এফটিপিও’র অবস্থান কর্মসূচি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১০:০০
টিভি শিল্পী-কলাকুশলীদের সম্মিলিত প্লাটফর্ম ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)-এর কর্মসূচি আগামী ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এফটিপিওর আহ্বায়ক মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এ বিষয়ে মামুনুর রশীদ বলেন, ‘সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ১০ দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হলো। ১০ দিন পর আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
 
বর্তমান সময়ে টিভি নাটকের নানা সঙ্কট থেকে উত্তরণের জন্য এক প্লাটফর্মে দাঁড়িয়েছে দেশের টেলিভিশন মিডিয়ার ১৪টি সংগঠন। সম্মিলিত এই প্লাটফর্মের নাম রাখা হয়েছে ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন’ (এফটিপিও)।
 
কেন্দ্রীয় শহীদ মিনারে ৩০ নভেম্বর সমাবেশের মাধ্যমে আন্দোলনে নামে সংগঠনটি। এ সময় বেশ কিছু দাবি উপস্থাপন করে সংগঠনটি। এর মধ্যে একটি ছিলো দেশীয় চ্যানেলে বিদেশি সিরিয়াল প্রচার বন্ধ করতে হবে। এই দাবিতে ১৫ ডিসেম্বরের সময় বেঁধে দেয় এফটিপিও’র নেতারা। কিন্তু ১৬ ডিসেম্বরেও দেশের চারটি টিভি চ্যানেলে বিদেশী সিরিয়াল প্রচার হওয়ায় এই চারটি চ্যানেলের সামনে অবস্থান কর্মসূচী ঘোষণা করে এফটিপিও।
 
ইত্তেফাক/এমএআর