জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সম্প্রতি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় গীতিকার কবির বকুল। খুশির খবর, তিনি এখন পুরোপুরি সুস্থ হয়েছেন। গতকাল বুধবার ২৭ ডিসেম্বর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন তিনি।
মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, সবার দোয়া ভালোবাসায়, আমার পরিবারের সবার সেবায় আর স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরলাম। আরো কিছুদিন বিশ্রাম প্রয়োজন।
তিনি আরো উল্লেখ করেন, সবাই আমাকে এতো পছন্দ করেন, ভালোবাসেন, হয়তো এরকম কঠিন অসুখ না হলে টের পেতাম না। সবার কাছে আমি কৃতজ্ঞ।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর জ্বরে আক্রান্ত হয়ে মগবাজারে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন কবির বকুল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ১৭ ডিসেম্বর রাত সাড়ে আটটায় স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে। পরে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন।
ইত্তেফাক/এমএআর
