টেস্ট ও ওয়ানডে দল ঘোষণার পর বর্ষসেরা টি-টোয়েন্টি দল প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এই দলে জায়গা পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স বিবেচনায় ২০১৬ সালের সেরা টি-টোয়েন্টি টিম তৈরি করেছে সিএ’র অফিসিয়াল ওয়েবসাইট।
মুস্তাফিজের ব্যাপারে তারা জানায়, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও আইপিএলের দুর্দান্ত পারফর্মেন্সই তাকে সেরা একাদশে জায়গা করে দিয়েছে। কাঁধের ইনজুরির কারণে অনেক দিন মাঠের বাইরে থাকলেও পিচে সবসময়ই নিজের সেরাটা উপহার দিয়েছে এই বোলার। মুস্তাফিজের পরিসংখ্যান বলে দেয় সে ভবিষ্যতের বড় তারকা।
একাদশে মাত্র দু’জন অস্ট্রেলিয়ান খেলোয়াড় সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশের কয়েকজন তারকা রয়েছেন একাদশে।
টেস্ট ও ওয়ানডে দলের মতো টি-টোয়েন্টিরও অধিনায়ক করা হয়েছে কোহলিকে। ব্যাটিংয়ে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে রয়েছেন ভারতের বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
পাকিস্তান আইকন শহীদ আফ্রিদিও সেরা একাদশে। স্পিন বোলিংয়ে আফ্রিদি পাশে পাচ্ছেন অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে। উইকেটরক্ষক ভূমিকায় ইংল্যান্ডের জস বাটলার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-২০ দল:
ডেভিড ওয়ার্নার, জেসন রয়, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, অান্দ্রে রাসেল, জস বাটলার (উইকেটরক্ষক), ফারহান বেহারদিয়েন, শহীদ আফ্রিদি, জাসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা, মোস্তাফিজুর রহমান। ক্রিকেট অস্ট্রেলিয়া
ইত্তেফাক/এমএইচ
