পঞ্চগড়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৪১
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমানুল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 
 
তিনি টেবিল ফ্যান প্রতীক নিয়ে ১৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক পেয়েছেন ১২২ ভোট। 
 
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন তাল গাছ প্রতীক নিয়ে ১১ ভোট, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন পান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. দেলদার রহমান আনারস প্রতিক নিয়ে ৯৪ ভোট পান, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পান ৬ ভোট।
 
জেলার ৫টি উপজেলার ১৫টি কেন্দ্রে বুধবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। জেলার ৫টি উপজেলা পরিষদ, পঞ্চগড় পৌরসভা ও ৪৩টি ইউনিয়ন পরিষদের ৫৮১ জন নির্বাচিত জনপ্রতিনিধি ভোট প্রদান করেন।
 
ইত্তেফাক/ইউবি