পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি টেবিল ফ্যান প্রতিক নিয়ে ১৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক। তিনি চশমা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১২২।
তিনি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক, জেলা পাথর-বালি যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক, জেলা পাথরবালি ব্যবসায়ী ও সরবরাহকারী সমিতির সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন তাল গাছ প্রতিক নিয়ে ১১৯ ভোট, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন পান ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ১০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. দেলদার রহমান আনারস প্রতিক নিয়ে ৯৪ ভোট পান, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম মোটরসাইকেল প্রতিক নিয়ে পান ৬ ভোট, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব কাপ পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ২ ভোট ও জাতীয় পার্টির (জেপি) বোদা উপজেলা কমিটির আহবায়ক এ এইচ এম ফজলুল হক মোবাইল ফোন প্রতিক নিয়ে ২টি ভোট পান।
জেলার ৫টি উপজেলার ১৫টি কেন্দ্রে বুধবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। জেলার ৫টি উপজেলা পরিষদ, পঞ্চগড় পৌরসভা ও ৪৩টি ইউনিয়ন পরিষদের ৫৮১ জন নির্বাচিত জনপ্রতিনিধি ভোট প্রদান করেন। ১টি ভোট বাতিল হন।
জেলা রিটার্নিং অফিসার ও পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান সারওয়ারসহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএইচ
