বরগুনায় বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আওয়ামীলীগ সমর্থিত সাবেক এমপি দেলোয়ার হোসেন। তিনি পেয়েছেন ৫৯৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি জাফরুল হাসান ফরহাদ পেয়েছেন ১৭ ভোট।
একজন ভোটার অনুপস্থিত এবং বাতিল হয়েছে ২টি ভোট। একটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত রয়েছে। বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বরগুনার ৬১৫ জন ভোটারের মধ্যে ৬১৪ জন ভোট দিয়েছেন। এক জন ছিলেন অনুপস্থিত । জেলার নির্বাচিত সদস্যরা হচ্ছেন, দারুল ইসলাম মাস্টার, মোজাম্মেল হোসেন, মো. পান্না মিয়া, জাকির হোসেন, নাহিদ মাহামুদ হোসেন, মনিরুল ইসলাম দুলাল খান, আরিফুল হাসান, মো. নাসির উদ্দিন, আবুল কালাম সিকদার, সুজন ফরাজী, এম এ খালেক, সগীর শরীফ, জাহাঙ্গীর জোমাদ্দার ও জাহাঙ্গীর মোল্লা। সংরক্ষিত মহিলা সদস্যরা হচ্ছেন, আসমা আক্তার, পারুল আক্তার, শাহিনুর তালুকদার, দেলোয়ারা হামিদ ও ফৌজিয়া খানম।
প্রার্থী সংক্রান্ত জটিলতার কারণে ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ভোট স্থগিত করা হয়েছে। বিবিচিনি, বেতাগী সদর ও বেতাগী পৌরসভা নিয়ে গঠিত ওয়ার্ডের সদস্য প্রার্থী মারুফ রেজার প্রার্থীতা বাছাইয়ের সময় বাতিল হয়েছে। তার পক্ষে গতকাল হাইকোর্ট থেকে রায় দেয়া হয়েছে। হাইকোর্ট থেকে তার প্রার্থীপদ বৈধ ঘোষনা করায় নির্বাচন স্থগিত হয়েছে। তিনি ছাড়াও এ ওয়ার্ডে বেতাগী পৌরসভার সাবেক মেয়র আবুল কাসেম ও বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান মহসীন প্রার্থী রয়েছেন। তাছাড়া ৬ নং ওয়ার্ডে নাহিদ মাহামুদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।
ইত্তেফাক/এমএইচ
