শাটল ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নগরীর উদ্দেশে ছেড়ে আসা শাটল ট্রেনের ধাক্কায় অটোরিকশার মা-মেয়ে নিহত ও দুইজন আহত হয়েছেন। 
 
বুধবার বিকাল তিনটায় মুরাদপুর পিলখানা রেল গেটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 
 
নিহতরা হলেন- মরিয়ম বেগম (৬০) ও তার মেয়ে আফরিন (১৭)। আহতরা হলেন- আয়েশা বেগম (৯) ও মনি বেগম (৫৫) ।
 
ষোলশহর স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, ক্যাম্পাস থেকে দুপুর আড়াইটার নগরমুখী শাটল ট্রেনটি বিকেল তিনটার দিকে মুরাদপুর পিলখানা রেল গেট এলাকায় পৌঁছে। এ সময় একটি অটোরিকশা দ্রুত রাস্তা পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে অনেকদূর নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মরিয়ম বেগম (৬০)নিহত হন। পরবর্তীতে শাটল ট্রেন থামলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে আফরিন (১৭) মারা যান।
 
ইত্তেফাক/ইউবি