জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ভোট দিয়েছেন দক্ষিণের মেয়র। অন্যদিকে উত্তরের মেয়র সকাল সাড়ে নয়টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে ঢাকার ১৫টি ওয়ার্ডের রাজধানীর সীমানায় রয়েছে ছয়টি ওয়ার্ড। এগুলো হলো- বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ, ছোলমাইদ উচ্চ বিদ্যালয়, আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মতিঝিল আইডিয়াল স্কুল।
এসব ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটারররা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোট দেয়ার পরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আনিসুল হক বলেন, জেলা পরিষদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিল। অন্যদিকে সাঈদ খোকন বলেন, স্থানীয় সরকারে যে সমন্বয়হীনতা রয়েছে, জেলা পরিষদ নির্বাচনের পর তা দূর হয়ে যাবে। স্থানীয় সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ২৬ সংস্থার সমন্বয় আরো বাড়ানো হবে বলে জানান তিনি।
এদিকে আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, জেলা পরিষদ নির্বাচন আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এর জন্য নতুন আইন করতে হয়েছে, নতুন বিধি করতে হয়েছে। নির্বাচন তো নির্বাচনই। কোনো নির্বাচনকে আমরা ছোট করে দেখছি না। অন্য নির্বাচনের মতো এটাকেও আমরা সমান গুরুত্ব দিয়েছি।
ইত্তেফাক/এএম।
