অরুণা বিশ্বাসকে সবাই একজন অভিনেত্রী হিসেবেই চেনেন। কিন্তু এর বাইরে যে তিনি খুব ভালো একজন নৃত্যশিল্পী এবং গায়িকাও বটে এটা অনেকেরই অজানা। ছোটবেলায় নাচ ও গানে গোল্ড মেডেল পেয়েছিলেন তিনি।
কিন্তু বড়বেলায় এসে চলচ্চিত্রের নায়িকা হওয়ার কারণে নাচের সাথে সম্পৃক্ততা থাকলেও গান চলে যায় অনেকদূরে। সেই গানের দিনগুলোতেই আবার ফিরে গিয়েছিলেন গুণী এই অভিনেত্রী।
গত সোমবার বাংলাদেশ বেতারের একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। আর সেখানেই তিনি সাক্ষাৎকারের ফাঁকে ফাঁকে মেঘ বলেছে যাবো যাবো, আনন্দধারা বহিছে ভুবনে, ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয়’সহ নিজের অভিনীত কয়েকটি চলচ্চিত্রের গান পরিবেশন করেন।
অরুণার কণ্ঠে গান শুনে উপস্থিত সবাই তাকে গানে নিয়মিত হওয়ারও পরামর্শ দেন।
অরুণা বলেন, ‘সত্যি বলতে কী অনেক সময়ই ইচ্ছে করে গান গাইতে। কিন্তু সেই সময় কী আর আছে! নেই, তারপরও হয়তো হঠাত্ কোনো একদিন মৌলিক কোনো গান গেয়েও ফেলতে পারি। মানুষের মন তো, তাই কোনোকিছুই আগে থেকে বলাটা মুশকিল। দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে সবার কাছে দোয়া চাই যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি।’
ইত্তেফাক/এমএআর
