অভিষেক ম্যাচেই আইসিসির তিরস্কার শুনলেন তানবীর হায়দার। অখেলোয়াড়োচিত আচরণের জন্য তাকে সতর্ক করে দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
অভিষেক ম্যাচে বল হাতে ৮ ওভারে ৪৭ রান দিয়েছেন এবং ব্যাটিংয়ে করেছেন মাত্র ২টি রান। আর সঙ্গে দলীয় পরাজয়ের পাশাপাশি আইসিসির কঠোর তিরস্কার। তানবীরের বিরুদ্ধে অভিযোগ, ম্যাচের ১৯তম ওভারের শেষ বলে কিউই ব্যাটসম্যান নেইল ব্রুম তার বলে চার মারেন। জবাবে তাকে অশ্রাব্য ভাষায় গালি দেন তানবীর। সেটা আম্পায়ার ম্যাচ রেফারির কাছে জানালে তানবীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তানবীর দোষ স্বীকার করায় কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আইসিসির আচরণবিধির ২.১.৪ অনুচ্ছেদ ভেঙেছেন তানবীর, যেখানে বলা আছে ‘আন্তর্জাতিক ম্যাচে অশ্রাব্য ভাষা ব্যবহার ও অশালীন অঙ্গভঙ্গি করা অপরাধ’। এ আচরণ করায় ২৫ বছর বয়সীর ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো। ৭.৬ অনুচ্ছেদ অনুযায়ী, তানবীর যদি ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান তাহলে সাসপেনশন পয়েন্ট পেয়ে নিষিদ্ধ হবেন।
ইত্তেফাক/এসএসএ
