ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিত রায়ের স্মৃতিকে ধরে রাখতে এবং মুক্তচিন্তার প্রতীক হিসেবে অভিজিত রায়ের হত্যাকাণ্ডের স্থানকে ‘মুক্তচিন্তা স্তম্ভ’ স্মারক ভাস্কর্যের নির্মাণ কাজের উদ্বোধনকালে আজ বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষকে যারা হত্যা করেছে, একই চক্রের উত্তরাধিকারীরা বাংলাদেশে মুক্তচিন্তার মানুষকে হত্যা করছে, পৃথিবীর বিভিন্ন দেশে নির্মম হত্যাকাণ্ড ঘটাচ্ছে, জঙ্গী তৎপরতায় লিপ্ত রয়েছে, তাদের শ্রেণি ও ধর্ম এক।
অভিজিত রায়ের হত্যাকাণ্ডের স্থানে এলে আমরা বেদনাহত হই, ক্ষুব্ধ হই’ বলেও উল্লেখ করেন ঢাবি উপাচার্য।
উপাচার্য ভাস্কর রাশাকে অভিনন্দন জানিয়ে বলেন, এই ভাস্কর্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল মত প্রকাশের মানুষের প্রতীক হয়ে থাকবে।
অভিজিত রায়ের পিতা বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. অজয় রায় বলেন, এই ‘অভিজিত চত্বরে’ই তার স্মৃতি এবং মতপ্রকাশের অধিকারের সাক্ষ্য হয়ে থাকবে এই মুক্তচিন্তার স্তম্ভের ভাস্কর্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবীসহ গণজাগরণ মঞ্চের কর্মী, বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ ও দেশের গণ্যমান্য ব্যক্তিরা।-বাসস।
ইত্তেফাক/এমআই
