সিরিয়ায় সরকার ও বিদ্রোহীদের অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর: পুতিন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৫১
বিদ্রোহীদের সঙ্গে অস্ত্রবিরতির বিষয়ে সিরিয়ার আসাদের বিষয়ে মতৈক্য হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরু হওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে।
 
বৃহস্পতিবার মধ্যরাত ১২টার সময় থেকে এই অস্ত্রবিরতি চালু হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছিলেন, তুরস্ক ও রাশিয়া এই চুক্তির জামিনদার (গ্যারান্টর) হিসেবে থাকবে। উল্লেখ্য, বিগত ৫ বছর ধরে চলমান সিরীয় গৃহযুদ্ধে রাশিয়া আসাদ সরকারকে সমর্থন করে এবং তুরস্ক সিরীয় বিদ্রোহীদের সমর্থন করে।
 
পুতিন তার ঘোষণায় বলেছেন, অস্ত্রবিরতির সমঝোতায় তিনটি নথি স্বাক্ষরিত হয়েছে। সিরিয়া সরকার ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি। অস্ত্রবিরতি ঠিকমতো কার্যকর হচ্ছে কী না সেটা নিশ্চিত করার পদক্ষেপ এবং নতুন করে শান্তি আলোচনা শুরুর বিষয়ে মতৈক্য।
 
পুতিন চুক্তিটিকে ভঙ্গুর উল্লেখ করে বলেছেন, চুক্তিটা রাশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে স্থানীয় সহযোগীদের প্রচেষ্টায় এই চুক্তি সম্ভব হয়েছে। তিনি যোগ করেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি কমানোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে সম্মত হয়েছেন তিনি। পুতিন বলেন, রাশিয়া বিশ্বজুড়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে এবং সিরিয়া সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।   
 
সিরিয়া জুড়ে এই অস্ত্রবিরতি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও জাবাত ফাতেহ আল শাম (আল কায়েদা সংশ্লিষ্ট সাবেক নুসরা ফ্রন্ট) এর আওতাভুক্ত নয়। এর আগে চলতি মাসে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় আলেপ্পোয় অস্ত্রবিরতি চালু হয়েছিল। সেই অস্ত্রবিরতির সময়ে সিরিয়া সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত এলাকা থেকে হাজারো মানুষ ও বিদ্রোহীরা বেরিয়ে আসে। এর আগে জাতিসংঘ কিংবা রাশিয়া-যুক্তরাষ্ট্রের চেষ্টায় চালু হওয়া অস্ত্রবিরতি খুব দ্রুতই ভেঙ্গে পড়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ