সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন কারখানার ছাদ ধসে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে জিরাবো এলাকার প্রাইমাল ফুড অ্যান্ড ড্রিংকস লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর (২০), জালাল (৫০) ও শহিদুল (৫৫)।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্মাণাধীন কারখানাটির রড ও সিমেন্ট খুবই নিম্নমানের থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, কারখানায় ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। হঠাত্ করে ওই কারখানার ছাদের এক পাশ ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক ধসে পড়া ছাদের নিচে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
