চাঁদপুরে ৩৬ শ্রমিকের কারাদণ্ড, ২ বাল্কহেড জব্দ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ২০:১৭
চাঁদপুর সদর উপজেলার পদ্মা নদীর পাড় রাজরাজেশ্বর এলাকা থেকে অবৈধভাবে চরের মাটি কাটার অপরাধে ৩৬জন শ্রমিককে ১৫ দিন করে বিনাশ্রম করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
এ সময় ঘটনাস্থল থেকে ২ বাল্কহেড জব্দ করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদর উপজেলা ভূমি কর্মকর্তা) অভিষেক দাশ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল এই অভিযান পরিচালনা করেন।
 
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব লেফটেন্যান্ট এম. আতাহার আলী জানান, প্রতি বছর এ মৌসুমে বাল্কহেড যোগে কিছু অসাধু মাটি ব্যবসায়ী চরের মাটি কেটে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় অভিযান চালিয়ে শ্রমিকদের আটক করা হয়। জব্দকৃত বাল্কহেড ২ টি আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। ৩৬ শ্রমিককে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ জানান, আটক শ্রমিকদের অধিকাংশের বাড়ী পাবনা জেলার বিভিন্ন এলাকায়। কারাদণ্ড দেয়ার পর তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত বাল্কহেড দু'টি কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।
 
ইত্তেফাক/এসএস