প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের ভূমিকা ছাড়া গণতন্ত্র বিকশিত হতে পারে না। গণমাধ্যমের মূল স্রোতধারা সব সময়ই শান্তির, গণতন্ত্রের ও উন্নয়নের পক্ষে।
আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসেই মিডিয়াকে ব্যক্তিখাতে উন্মুক্ত করেছিলেন। এর ফলে মিডিয়া বিকশিত হয়েছে, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
গণমাধ্যম আজ সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গীবাদ দমনেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে, গণতন্ত্রের, সত্যের, উন্নয়নের পক্ষে থেকে কাজ করতে পারলে আমরা সাংবাদিকতাকে অক্ষুণ্ন রাখতে পারবো। তিনি অশুভ সাংবাদিকতার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।-বাসস।
ইত্তেফাক/এমআই
