স্বরূপকাঠিতে মুখোমুখি সংঘর্ষে ট্রলার ডুবির ঘটনায় মো. শহীদুল ইসলাম (৪০) নামে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
নিখোঁজের পাঁচ ঘণ্টাপর তার মৃতদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে সন্ধ্যানদীর শাখা কালীবাড়ি খালের মোহনায় বিসিক শিল্প নগরীর সামনে ওই দুর্ঘটনা ঘটে। জানাগেছে, তিনি তার ছেলেকে স্কুলে ভর্তি করানোর জন্য বরিশালে যাওয়ার উদ্দেশ্য অন্যান্য যাত্রীদের ন্যায় একটি যাত্রীবাহী ট্রলারে উঠে। কিন্তু ট্রলারটি বিসিক শিল্প নগরী এলাকা অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা আনন্দ ৭ নামে একটি কাঠ বোঝাই ট্রলার যাত্রীবাহী ট্রলারটিকে সজোরো ধাক্কা দেয়ায় ট্রলারটি ডুবে যায়। অন্যান্য যাত্রীরা সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও ঐ কর্মকর্তা ডুবে যান। শহীদুল ইসলাম উপজেলার কৌরিখাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। ট্রলারটিতে শিশু মহিলাসহ ৩৫/৪০ জন যাত্রী ছিল।
খবর পেয়ে স্বরূপকাঠি ও বরিশালের দমকল বাহিনীর এবং স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালান। নিখোঁজের ৫ ঘণ্টাপর ডুবুরীরা ওই কর্মকর্তার লাশ উদ্ধার করেছেন। পুলিশ আনন্দ-৭ নামে কাঠ বোঝাই আপর ট্রলারটি আটক করেছে।
ইত্তেফাক/এসএস
