ফেনী শহরের এসএসকে সড়কের এক প্রবাসীর টিনসেশেড বিল্ডিংয়ের পেছন থেকে অস্ত্রসহ ৬ 'ডাকাত'কে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শহরের এসএসকে সড়কের ফেনী টাওয়ার সংলগ্ন প্রবাসী ছরোয়ার আলমের টিনশেড বিল্ডিংয়ের পেছনে নারিকেল গাছ তলায় ১৪/১৫ জনের একটি ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে শলা পরামর্শ করছে। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুন্দীপ রায় এর নেতৃত্বে অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এসময় মোঃ সাব্বির হোসেন (১৯), মোঃ নাইম উদ্দিন সাকিব (১৮), মোঃ জাকির হোসেন বাবু (২০), দেলোয়ার হোসেন বাবু প্রকাশ পেতনা বাবু (২০), বাবর আলী প্রকাশ বিদ্যুৎ (১৯), মোঃ ফারুক (২০) আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ছোরা উদ্ধার করে।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই নোমান হোসেন আটককৃত আসামীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করেছেন।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুন্দীপ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের এসএসকে সড়কের এক প্রবাসীর টিনসেড বিল্ডিংয়ের পেছনে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করেছেন।
ইত্তেফাক/এসএস
