৯ বছর পরে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৬:১৮
দীর্ঘ ৯ বছর পর ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিতব্য সফরের পূর্ণাঙ্গ সূচি বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
 
২৮ সেপ্টেম্বর টেস্ট ম্যাচ দিয়ে দুই দলের লড়াই শুরু হবে। প্রথম টেস্টটি হবে পচেফষ্ট্রমে। ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। ১৫ অক্টোবর প্রথম ওয়ানডে হবে কিম্বার্লি স্টেডিয়ামে। ১৮ ও ২২ অক্টোবর শেষ দুই ওয়ানডে হবে পার্ল ও ইস্ট লন্ডনে। ২৬ ও ২৯ অক্টোবর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ব্লুমফন্টেইনে ২৬ অক্টোবর হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২৯ অক্টোবর পচেফষ্ট্রমে শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শেষ করবে বাংলাদেশ।
 
টেস্ট ও ওয়ানডে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচের সুযোগ পাবে বাংলাদেশ। টেস্ট সিরিজের আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বেনোনিতে ২১ সেপ্টেম্বর ম্যাচটি শুরু হবে। এছাড়া ওয়ানডে সিরিজের আগে ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
 
এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিলো টাইগাররা। ওই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। ক্রিকইনফো
 
ইত্তেফাক/এমএইচ