জেলা পরিষদ নির্বাচনে বিএনপি দল বেঁধে ভোট দিয়েছেন : ওমর ফারুক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৯:২৪
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, জেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী না দিলেও দল বেঁধে বিএনপি নেতারা ভোট দিয়েছেন। ব্যারিস্টার মওদুদ সাহেব, রুহুল কবির রিজভী সাহেবরা বললেন- জেলা পরিষদের নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আবার বিএনপি নেতা নজরুল ইসলাম খান সাহেব বললেন রসিকতার এই নির্বাচন। আর তৃণমূলের বিএনপি-জামায়াত নেতারা দল বেঁধে ভোট দিয়েছেন। 
 
শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আগামী ৩১ ডিসেম্বর যুবলীগের বিজয় দিবসের আলোচনা সভা সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। 
 
ঠাকুরগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট দেয়ার পর তিনি বলেন, ‘ভোট আমার নাগরিক অধিকার। কেন্দ্রের নির্দেশে নির্বাচন বর্জন করলেও আমি ভোট দিতে এসেছি। নির্বাচনে কেবল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অংশ নিচ্ছেন, সেখানে তাদেরই ভোট দিতে হয়েছে।’
 
ওমর ফারুক চৌধুরী বলেন, জেলা পরিষদ নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন বিষয় নয়। 
 
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, ঢাকা মহানগর সহ-সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন প্রমুখ।
 
ঢাকা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, কাজী ইব্রাহিম খলিল মারুফ এবং শ্যামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আলমগীর হোসেনকে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী মিষ্টিমুখ করান ও অভিনন্দন জানান।
 
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী আগামী ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ৩ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশকে সফল করার লক্ষে ৭ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভা সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
ইত্তেফাক/ইউবি