‘শ্রমিকদের সঙ্গে পারেন, বায়ারদের সঙ্গে পারেন না’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ২০:০৮
ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন গার্মেন্টস মালিকদের উদ্দেশে বলেছেন, শ্রমিকদের আন্দোলন বন্ধ করতে কারখানা বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের সঙ্গে পারেন কিন্তু বায়ারদের (বিদেশি ক্রেতা) সঙ্গে তো পারেন না। বায়াররা যে পোশাকের দাম কম দেয়, সেখানে তো কথা বলতে পারেন না। 
 
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (এনজিডব্লিওএফ) কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্প্রতি আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি এবং পরবর্তীতের মালিকপক্ষের কারখানাবন্ধ ও শ্রমিকদের বরখাস্ত প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। এনজিডব্লিওএফ এর সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে এ সময় নৌ পরিবহন মন্ত্রী ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি শাজাহান খান উপস্থিত ছিলেন। 
 
কারখানা মালিকদের সমালোচনা করে রাশেদ খান মেনন আরও বলেন, আপনাদের সংগঠন আছে, বিশাল ভবন রয়েছে। সেখানে আনন্দ-উপভোগের ব্যবস্থা রয়েছে। কিন্তু শ্রমিক দমন ছাড়া, শ্রমিকদের স্বার্থের উল্টোপথে হাঁটা ছাড়া কিছুই করেন না আপনারা। শ্রমিকদের আপনারা দাস মনে করেন। আলোচনা ছাড়া জেল-জুলুম দিয়ে কখনো শ্রমিকদের আন্দোলন বন্ধ করা যায় না। 
 
এ সময় তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে ও আইন মেনে আন্দোলনের পরামর্শ দেন। তিনি বলেন, শ্রমিকরা নিয়ম মেনে, আইন মেনে আন্দোলন করলে দাবি অবশ্যই আদায় হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। 
 
তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বেড়েছে। গার্মেন্টস শ্রমিকরা প্রশ্ন করতেই পারেন, কেন তাদের বেতন বাড়ছে না? তবে বেতন কতো বাড়বে তা আলোচনার বিষয়।
 
এ সময় শাজাহান খান শ্রমিকদের মজুরির বিষয়টি ভেবে দেখা দরকার বলে মন্তব্য করলেও আশুলিয়ায় শ্রমিকরা অনিয়ন্ত্রিত আন্দোলন করেছে বলে মত দেন। তিনি বলেন, কর্মবিরতি শুরু করার পর সবাইকে নিয়ে বলা হলো কাজ শুরু করার জন্য। তারা আশ্বাসও দিল। কিন্তু বাস্তবে তারা কাজে ফিরে যায় নি। অনিয়ন্ত্রিত ও বিশৃঙ্খল আন্দোলনের কারণে সফল হলো না। তিনি শ্রমিকদের নিয়মতান্ত্রিক ও আইন মেনে আন্দোলন করার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলন ছাড়া দাবি আদায় হয় না। এ সময় শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন। 
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসুদা খাতুন শেফালী, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, ফ্রান্সের অন্যতম বৃহৎ শ্রমিক কনফেডারেশন সিজিটি’র প্রতিনিধি এলিয়া ফ্রো ছাড়াও বিভিন্ন গার্মেন্টসের ট্রেড ইউনিয়নের নেতারা। 
 
 
ইত্তেফাক/এমআই