পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ তাপস পালকে গ্রেপ্তার করা হয়েছে। বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই। কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এই তৃণমূল সাংসদকে এবিষয়ে শুক্রবার চার ঘন্টার জেরার সম্মুক্ষীণ হতে হয়। সকালেই তিনি সস্ত্রীক সিবিআই দপ্তরে হাজির হন, সঙ্গে ছিলেন তার আইনজীবিও।
বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে তাপস পালের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তিনি ওই সংস্থার কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের অর্থ নিয়েছেন, এই অভিযোগের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়।
ভারতীয় মিডিয়া বলছে, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু এবং সংস্থার একাধিক কর্মীকে সিবিআই আগেই জেরা করেছে। তাদের বয়ান থেকেই তাপস পাল-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গেও বেআইনি অর্থলগ্নি সংস্থাটির যোগ থাকার অভিযোগ উঠে এসেছিল। সিবিআই অপেক্ষা করছিল সেইসব বয়ানের সঙ্গে তাপস পালের বয়ান মিলিয়ে দেখার।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, এ দিন তাপস পালকে দু’দফায় জেরা করা হয়। প্রথম দফার জেরায় তার বয়ান রেকর্ড করার পর গৌতম কুণ্ডু এবং অন্যদের বয়ানের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়। এরপর শুরু হয় দ্বিতীয় দফার জেরা । এই দফায় সিবিআই’র উচ্চপদস্থ কর্মকর্তারা তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন।
ছয়মাস আগেও রোজভ্যালির চলচ্চিত্র বিভাগের অন্যতম নির্দশক ছিলেন তাপস পাল। ওই সংস্থার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয়- এই তথ্য প্রমাণ সিবিআই-এর কাছে আছে। যদিও, কেন টাকার লেনদেন হয়েছিল, এই প্রশ্নের কোনো উত্তর তিনি সিবিআইকে জানাতে পারেননি। খবর আনন্দবাজার।
ইত্তেফাক/এমএআর
