দিনাজপুরে কোচ-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৮
দিনাজপুরের নবাবগঞ্জে বাবলু এন্টারপ্রাইজ নামে একটি নৈশ কোচের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
 
শনিবার ভোর সাড়ে ৫টায় রত্নাদীঘি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকের চালক ঝিনাইদহ জেলার হনকোনা গ্রামের ঝন্টু মিয়া (৪২), নৈশকোচের চালক আব্দুস সালাম (৪৩) ও নৈশ কোচ যাত্রী নরসিংদি জেলার দেবব্রত সাহা (৪৮)।
 
প্রত্যক্ষদর্শী সুলতান মাহামুদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী বাবলু এন্টারপ্রাইজ (ঢাকা-মেট্রো-ট-১৬-৪৫৩১) নামের নৈশকোচটি যাত্রী নিয়ে উপজেলার ভাদুরিয়া বাজার সংলগ্ন রত্নাদীঘি নামক স্থানে পৌঁছলে পঞ্চগড় থেকে ঢাকাগামী বালু ভর্তি (ঢাকা-মেট্রো-ব-১৪-১৫৪৯) ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই স্থানীয়রাসহ ফুলবাড়ি ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার কাজ চালান। আহতদেরকে ঘটনাস্থল সংলগ্ন কায়েম উদ্দিন হাজিরন মেমোরিয়াল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
 
ট্রাকের আহত হেলপার রফিকুল ইসলাম বলেন, বাবলু এন্টারপ্রাইজ নামের নৈশ কোচটির চালক বেপরোয়া নিয়ন্ত্রণহীনভাবে নৈশ কোচ চালানোর কারণে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম আজাদ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। নিহত তিনজনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং আহত ১০জনকে স্থানীয় দুইটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। ময়নাতদন্তের পর অভিভাবকদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। উভয় পক্ষ এলে অভিযোগের ভিত্তিকে আইনি ব্যবস্থা নেয়া হবে।