দেশে প্রথমবারের মতো সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচন হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপে জঙ্গি দমন ছিল এ বছরের শ্রেষ্ঠ অর্জন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা জেলা পরিষদ নির্বাচন অসাংবিধানিক বলেন তাদের দলের নেতাকর্মীরাই ঠাকুররগাঁসহ দেশের বিভিন্নস্থানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছেন।
তিনি বলেন, এ বছরই দেশের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দমন করা হয়েছে। এছাড়া এ বছরটি উন্নয়নের দিক থেকেও ছিল ভরপুর। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে এ বছরেই। পরাজিতদের বিরুপ প্রতিক্রিয়া জাতির জন্য দুঃখজনক।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান, পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড.বিমল কুমার দাস, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম হীরা, আব্দুস সামাদ তালুকদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
