যুদ্ধাপরাধী-রাজাকাররা খালেদা ও বিএনপির নেতৃত্বে এখনো সক্রিয়: ইনু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৮:০৮
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, '২০১৪ সালের নির্বাচন বর্জনকারী আগুন সন্ত্রাসী, জঙ্গি সমর্থনকারী এবং যুদ্ধাপরাধী-রাজাকাররা সবাই খালেদা ও বিএনপির নেতৃত্বে এখনো সক্রিয়।'
 
শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শুরু হওয়া জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
 
এছাড়াও সভায় ড. আনোয়ার হোসেন, হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, আব্দুল হাই তালুকদার, সফি উদ্দিন মোল্লা, নইমুল আহসান জুয়েল, সাদেক হোসেন, মোহর আলী চৌধুরী, অধ্যাপক লিয়াকত আলী, আব্দুল হাই মাহবুব, জিয়াউল হক মুক্তা, উম্মে হাসান ঝলমল, বেলায়েত হোসেন, এড. নজরুল ইসলাম নুরু, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, আবুল খায়ের সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 
বিএনপি-জামায়াত এখনো তাদের অতীত রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেনি বলে দাবি করে হাসানুল হক ইনু বলেন, 'তারা মাঝে মধ্যে নির্বাচন করলেও একদিকে মানুষ পোড়ানোর জন্য মাপ চায়নি, জঙ্গিদের রক্ষা ও জঙ্গিদের সমর্থন দেয়া বন্ধ করেনি, যুদ্ধাপরাধী-রাজাকারদের সঙ্গ ত্যাগ করেনি এবং জামাতের সঙ্গ ছাড়েনি। অন্যদিকে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা নিশ্চিতের নামে অসাংবিধানিক সরকার গঠনের প্রস্তাব দিচ্ছে।'
 
এর আগে সভার শুরুতে গত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা হতে এই পর্যন্ত দলীয় নেতৃবৃন্দ ও জাতীয়-আন্তর্জাতিক প্রয়াত ব্যক্তিবর্গের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাব উপস্থাপন করেন সহ-দফতর সম্পাদক মনির হোসেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস