জাতীয় পার্টি-জেপি’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৪
রবিবার পহেলা জানুয়ারি জাতীয় পার্টির (জেপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলের চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে দলের সকল নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
 
এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, ১৯৮৬ সালের এই দিনে সামরিক শাসনের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। সেদিন জাতীয় পার্টির নেতৃত্বেই সাধারণ নির্বাচনের পরবর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল যারা সামরিক আইনের অবসান ঘটিয়ে এদেশের সাংবিধানিক ধারা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল। আমরা সন্তুষ্টের সঙ্গে লক্ষ্য করি যে, এরপর আর বাংলাদেশে কখনো সাংবিধানিক গণতন্ত্রের ধারা ব্যাহত হয়নি। জাতীয় পার্টির এই প্রতিষ্ঠার দিনে আমাদের প্রধান অঙ্গিকার হবে, দেশের সাংবিধানিক, গণতন্ত্রের ধারাকে অব্যহত রাখার দৃপ্ত শপথ গ্রহণ করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান করা। একই সঙ্গে আমরা জাতীয় পার্টিকে জনল্যাণমুখী রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়নের ধারায় বেগবান করার দৃঢ় সংকল্প ব্যক্ত করি। জাতীয় পার্টির আগামী দিনের চলার পথ সুন্দর হোক, সাবলীল হোক, মননশীল হোক, জয়ের লক্ষে পরিচালিত হোক  আজকের দিনে এটাই আমাদের কামনা।
 
দেশবাসীকে জেপি’র ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
 
২০১৭ ইংরেজি সালকে স্বাগত জানিয়ে দেশবাসী জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান,  পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং সাধারণ সম্পাদক ও ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। 
 
এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, আমরা আশা করি ২০১৭ সাল দেশ ও জনগণের জন্য কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনবে এবং আমাদের দেশ রাজনৈতিক ভাবে স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আমরা নবর্বষ উপলক্ষে দেশকে দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্তির শপথ গ্রহণ করি। ‘শুভ নবর্বষ ২০১৭’। 
 
 
ইত্তেফাক/এমআই