শেষ হলো ‘স্বাধীনতা ও ইত্তেফাক’ প্রদর্শনী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৯:৫২
ইত্তেফাকের ৬৪ বছরে পদার্পণ উপলক্ষে ‘স্বাধীনতা ও ইত্তেফাক’কে উপজীব্য ধরে ‘শব্দ কল্প চিত্র’শীর্ষক তিনদিনের স্থাপনাশিল্প প্রদর্শনী শেষ হয়েছে। 
 
শনিবার সন্ধ্যা ৭টায় প্রদর্শনী শেষ হয়। বাংলাদেশের জন্ম ইতিহাসের সাক্ষী এই সংবাদপত্রের প্রতিটি পদক্ষেপে ভাবনায় যে মানুষ ও দেশ মিশে রয়েছে তাই ফুটে উঠেছে তরুণ শিল্পীদের উপস্থাপনায়। 
 
তরুণ শিল্পীরা ইত্তেফাকের দীর্ঘ প্রকাশনাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চেয়েছেন। একদিকে দেশের রাজনৈতিক আন্দোলন, অপরদিকে সেই আন্দোলনে সংবাদপত্রের ভূমিকা। এসব বিষয়কে ভাবনায় রেখে ১৩টি স্থাপনাশিল্পে বেশ কয়েকটি পর্বে শিল্পীরা তুলে ধরেছেন তাদের শিল্প-ভাবনা।
 
‘ভ্রুণ’, ‘অপরাজেয়’, ‘রাজারবাগের সংবাদ’, ‘পদক্ষেপ, ‘চরমপত্র’ (একাত্তরের অস্ত্রহীন যুদ্ধ), ‘ক্ষুদে বার্তা’, ‘পটচিত্র’,  ‘বিনোদিনী’,  ‘সংবাদের রাজ্য’, ‘সম্পাদকের কক্ষ’ও  ‘আদর্শলিপি’-এসব পর্বে তারা তুলে ধরেছেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্ব এবং ইত্তেফাকের ভূমিকার কথা। প্রদর্শনীর কিউরেটর ছিলেন শিল্পী অভিজিৎ চৌধুরী। তার সঙ্গে ছিল তরুণ শিল্পীদের একটি দল।  
 
এরা হলেন এসএম এহসান, জয়ন্ত সরকার জন, এ জেড শিমুল, কপিল চন্দ্র রায়, মো. নোমান, চারুলতা, আশরাফুল ইসলাম শাওন, আশীষ আচার্য্য, মাধবী সুলতানা, শুভ্র তালুকদার, কৃষ্ণ কমল ভৌমিক ও আল নোমান হীরা।
 
ইত্তেফাক/উজ্জল