নিরাপত্তা বলয়ে রাজধানী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ২১:৩১
ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে ঢাকা শহর। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তৎপর আছেন গোয়েন্দারাও। 
 
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, রাজধানীর প্রবেশ পথ ও কূটনৈতিক এলাকাসহ সব গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। থাকছে টহল পুলিশ। বিদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া অভিজাত হোটেল, ক্লাবসহ যেসব জায়গায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে সেসব জায়গায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 
 
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বছর জুড়ে জঙ্গি তৎপরতা থাকায় রাজধানীর নিরাপত্তায় জোর তৎপরতা রয়েছে। যদিও রাজধানীতে কোনো নাশকতার আগাম খবর গোয়েন্দাদের কাছে নেই। তবুও নিরাপত্তাবলয়ে থাকবে পুরো রাজধানী। 
 
এদিকে রাজধানীবাসীর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি মাঠে থাকছে র‌্যাব, র‌্যাবের ডগ স্কোয়াড, পেট্রোল টিম, মোবাইল টিম ও সাদা পোশাকাধারী গোয়েন্দা।
 
 
ইত্তেফাক/ইউবি