কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকতায় তিন দিনব্যাপী (২৯-৩১ ডিসেম্বর) বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ জহির রায়হান। তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। অনেক বড় বিষয়কে সংক্ষিপ্ত আকারে জাতির সামনে তুলের ধরাও সাংবাদিকদের কাজ। একটি দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধিতে পিআইবি’র এ উদ্যোগ প্রশংসনীয়।
মিরপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক হুমায়ূন কবির হিমুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুবর্ণা রানী সাহা, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল-মামুন সাগর, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু, বাবলু রঞ্জন বিশ্বাস, প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।
শনিবার সমাপনী দিনের প্রশিক্ষণ কর্মশালায় একাডেমিক প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র নিউজরুম এডিটর রুহুল আমিন রুশদ। সমন্বয়কারী ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান।
প্রশিক্ষণে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন অনলাইন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। পরে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
ইত্তেফাক/এএন।
