বানারীপাড়ায় ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ০০:৩৬

বানারীপাড়ার ইট ভাটা কাঠ পোড়ানোর অভিযোগ ওঠেছে। এতে পরিবেশ দূষণ হচ্ছে।  এছাড়াও উপজেলার দু’একটি ইট ভাটার মালিক ছাড়া অন্যরা নিজেদের ইচ্ছা মত সংরক্ষিত, আবাসিক ও বাণিজ্যিক এলাকা, জলাভূমি, কৃষি জমি এবং পরিবেশ সংকটাপন্ন এলাকায় ইট ভাটা স্থাপন করছেন। ইট ভাটা স্থাপন এবং ইট তৈরির শর্ত সমূহ মালিকরা মানছেন না। বানারীপাড়ার ভাটা মালিকরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফসলি জমি নষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠানসহ আবাসিক এলাকায় অনুমতি ছাড়াই ইট ভাটা স্থাপন করেছেন। আবার অনেকে লাইসেন্সবিহীন টিনের চোঙ্গা ও কোনো রকম দায় সাড়া চোঙ্গা বসিয়ে চলাচ্ছে একাধিক ইট ভাটা। ইট ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই তা মানছেন না। অহরহ পোড়ান হচ্ছে মূল্যবান বনজ ও ফলজ গাছ। ভাটার ধুলো বালি, কালো ধোয়া ও আগুনের তাপে ধ্বংস হচ্ছে নিকটবর্তী এলাকার সবুজ বনজ সম্পদ। কিছু দিন আগে  যে জমিতে সোনালি ধান দক্ষিণা বাতাসে দুলতো এখন সে সব জমি ইট ভাটার তাপে  উর্বরতা হারিয়েছে। শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন ভাটার পার্শ্ববর্তী এলাকার শিশুসহ প্রাপ্ত বয়স্করা। বিপর্যয়ের মুখে পতিত হচ্ছে জনস্বাস্থ্য। লোকালয়ের নিকটবর্তী হওয়ার কারণে চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষের। এমনকি প্রায় সবগুলো ইট ভাটায় শিশু আইনও মানা হচ্ছে না। অল্প পারিশ্রমিকের বিনিময়ে ৮-৯ বছরের শিশুদের দিয়ে ইট তৈরির কাজ করানো হচ্ছে।

ইত্তেফাক/এএন।