আজ দেয়ালে পাল্টে গেছে ক্যালেন্ডার। নতুন বছরের দিন গোনা শুরু আজ থেকেই। সবার মতো শোবিজ অঙ্গনের মানুষগুলোও তাদের নতুন বছরকে নিয়ে ভাবছেন নতুনরূপে। নতুন বছরে শোবিজ পাড়ার মানুষগুলোর পরিকল্পনা ও তাদের কাজের হালচাল জেনে নেওয়া যাক—
২০১৭ সাল নিয়ে আশাবাদী আরিফিন শুভ। এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে শুভ অভিনীত ‘প্রেমী ও প্রেমী’। ছবিটিতে শুভর বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এছাড়া মাহীর সাথে জুটি বেঁধে করেছেন ‘ঢাকা অ্যাটাক’। এ দুটি ছবি গতবছর থেকেই ছিল বেশ আলোচনায়। এখন দেখার বিষয় মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয়। আরিফিন শুভ তার নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘স্বাভাবিকভাবেই নতুন বছরে যেন সবকিছু ভালোভাবে চলে এমনটাই চাই। সব পরিকল্পনা চলচ্চিত্রকে ঘিরে।’
অন্যদিকে চলচ্চিত্রের আরো এক জনপ্রিয় মুখ পরীমনির নতুন বছরটা বিগত বছরের চেয়ে অনেকটা ভালো যাবে হয়তো। ‘চাঁদনী’ শিরোনামে নতুন একটি ছবি মুক্তি পাবে বছরের শুরুর দিকে। পরীমনি বলেন, ‘নতুন বছরে আরো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। ভালো কাজ করতে চাই।’
এদিকে তরুণ সঙ্গীতশিল্পী নওমির নতুন বছরের প্রথম মাসেই রিলিজ পেতে যাচ্ছে নতুন একটি গান। মিউজিক ভিডিওসহ একটি গানটি রিলিজ দেবেন তিনি। এছাড়া ‘গুড মর্নিং’ শিরোনামে একটি ছবিতে গান করেছেন তিনি। ছবিটি মুক্তি পাবে বছরের শুরুতেই। নওমি বলেন, ‘আমি নতুন বছরে আমার একক গান নিয়ে বেশি ব্যস্ত থাকার পরিকল্পনা করছি। এছাড়া সবাইকে নিয়ে ভালো থাকতে চাই।’
তরুণ অভিনেতা জোবান। গতবছরটা বেশ ভালোই কেটেছে তার। নাটক, চলচ্চিত্র সবকিছু নিয়ে ভালোই এগুচ্ছেন তিনি। জোবান বলেন, ‘নতুন বছর চলচ্চিত্র নিয়ে একটু ভাবতে চাই।’
আনিকা কবির শখের ২০১৬ ছিল ঘটনাবহুল। নিজের বিয়ে নিয়েই ছিলেন আলোচনায়। এখন কাজ নিয়ে ব্যস্ততা চলছে তার। শখ বলেন, ‘নাটক নিয়েই ব্যস্ত থাকবো নতুন বছর। এছাড়া পরিবারকে সময় দিতে চাই। নতুন বছরে আমার প্রত্যাশা সবকিছু গোছানো হোক আমার।’
ইত্তেফাক/এএন।
