কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্ত টিম দিয়াজের বাসা পরিদর্শন করেছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহামুদের নেতৃত্বে রবিবার সকাল সাড়ে ১০টায় তিন সদস্যের একটি টিম দিয়াজের বাসা পরিদর্শন করেন।
এ সময় দিয়াজের হত্যা মামলার তদন্তের দায়িত্বে থাকা চট্টগ্রাম জোনের সিআইডি এসপি অহিদুর রহমান উপস্থিত ছিলেন।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে অবস্থিত দিয়াজের বাসায় আসে ঢাকা মেডিকেলের ময়নাতদন্তকারী চিকিৎসক টিম। পরে তারা দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ যে কক্ষ থেকে নামানো হয় সেখানে খাট ও ফ্যানের দূরত্ব নির্ণয় করেন। দিয়াজের রুমের আশেপাশের ভাঙা গ্লাস ও ব্যালকনির দরজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রাইম সিনের ছবি তুলে নমুনা সংগ্রহ করেন মেডিকেল টিম।
পরে তারা দিয়াজের মরদেহ নামানোর সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন। এছাড়া দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী, বড় বোন অ্যাডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা ও দিয়াজের ভগ্নিপতি সরওয়ার আলমের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
আলামত সংগ্রহ শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ বলেন, ‘ময়নাতদন্তের পর আমাদের কাছে মনে হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করা প্রয়োজন। তাই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
এদিকে দিয়াজ ‘হত্যার’ বিচার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই নম্বর গেটে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুকে দিয়াজের হত্যাকারী দাবি করে তার কুশপুত্তলিকা পোড়ায়।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নং গেট এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়- তাকে হত্যা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
