বাস্তব উন্নয়ন দিয়েই জনগণের ভালবাসা নিচ্ছি : নিক্সন চৌধুরী

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৮:২০

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেছেন, ‘মুখে নয়, বাস্তব উন্নয়ন দিয়েই ফরিদপুর-৪ আসনের জনগণের সত্যিকারের ভালবাসা নিচ্ছি। ফরিদপুরের জনগণ আমাকে ৫ জানুয়ারি ভালবেসে ও বিশ্বাস করে ভোট দিয়ে তাদের এমপি বানিয়েছেন। আমি তাদের বিশ্বাসের মর্যাদা ও ভালবাসার উপহার সরূপ ফরিদপুর-৪ আসনকে বাস্তব উন্নয়ন দিয়ে রোল মডেল হিসেবে তৈরি করতে চলছি। আমার আগের সংসদ সদস্যরা শুধু কথার ফুলঝুড়ি দিয়েই জনগণকে উন্নয়ন দেখিয়েছেন। ৪৫ বছরের অবহেলিত ভাঙ্গাবাসীর উন্নয়নে আমার চলার পথে যত বাধাই আসুক আমি জনগণকে নিয়ে কাজ করে যাব।’

রবিবার বিকালে ভাঙ্গা উপজেলার সদরদী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এমপি নিক্সন চৌধুরীর বাস্তব উন্নয়ন চিত্র দেখে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

এর আগে দুপুর থেকেই স্কুল মাঠে হাজার হাজার জনগণ ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে মাঠে উপস্থিত হন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ও ভাঙ্গা বাজার বনিক সমিতির সম্পাদক আবু জাফর মুন্সি।

ছরোয়ার খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সাবেক জিএস লাবলু মুন্সি, ইউপি চেয়ারম্যান কাউছার ভুইয়া, ইউপি চেয়ারম্যান লাবলু মাতুব্বর, এ্যাড. ইকরাম সিকদার প্রমুখ।

ইত্তেফাক/ইউবি