স্বাধীনতা বিরোধী শক্তি লিটন হত্যায় জড়িত: নানক

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ২০:২৪
 
আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, 'সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির হত্যা করেছে।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ ও অন্যান্য স্বাধীনতা পক্ষের শক্তিকে দুর্বল করতে জামায়াত-শিবির লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।'
 
তিনি রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত লিটনের মৃতদেহ দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন। সে সময় তার সাথে ছিলেন রংপুর বিভাগ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি।
 
এ সময় নানক বলেন, 'লিটন তার এলাকায় স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির অপশক্তির বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থান গড়ে তুলেছিলো।'
 
লিটন জামায়াত-শিবিরকে দমন করেছিলো এমনটি দাবি করে তিনি বলেন, 'এর ফলে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা গড়ে ওঠে। সেই কারণে বিগত জাতীয় নির্বাচনে তিনি এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হন।'
 
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন গুলিবিদ্ধ হন। ওইদিন রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাসস।
 
ইত্তেফাক/এসএস