তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি নাইটক্লাবে ইংরেজি নববর্ষ উদ্যাপন উপলক্ষে আনন্দ-উল্লাস করতে আসা লোকদের ওপর হামলাকারীকে খুঁজছে তুর্কি পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু বলছেন, এই হামলায় ৩৯ ব্যক্তি নিহত হন, যার মধ্যে অন্তত ১৫ জন বিদেশি নাগরিক।
হামলায় আহত আরও অন্তত ৭০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই হামলার সাথে দু’জন জড়িত ছিল বলে এর আগে যে খবর বেরিয়েছে সয়লু তা নাকচ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলছেন, তার দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ সারা বিশ্বের বিভিন্ন নেতা এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন।
পুতিন তার প্রতিক্রিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে মস্কো বিশ্বস্ত সঙ্গী হিসেবে তুরস্কের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন। রবিবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে ইস্তাম্বুলের অর্তাকয় এলাকায় রেইনা নাইট ক্লাবে এই হামলার ঘটনা ঘটে। ইস্তাম্বুলের গভর্নর জানিয়েছেন, সান্তা ক্লসের পোশাক পরা বন্দুকধারী নাইট ক্লাবের ভেতরে ঢুকেই গুলি চালাতে শুরু করে।
আক্রমণের সময় ক্লাবে প্রায় সাতশ’ লোক নববর্ষ উদযাপন করছিল। হামলার পর অনেকেই ভয় আর আতঙ্কে নদীতে ঝাঁপিয়ে পড়েন। দোগান নিউজ এজেন্সি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলেছেন হামলাকারীরা আরবি ভাষায় কথা বলছিলো। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
